ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিএনপির রাজনীতি বর্তমানে লাইফ সাপোর্টে : কাদের

বিএনপির রাজনীতি বর্তমানে লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতারা একদিকে জনমানুষের আতঙ্কে রয়েছেন, অপরদিকে হঠকারী রাজনীতির জন্য তাদের কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, বিএনপির অন্তসারশূন্য এবং উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না। জনগণ এসব কথামালার চাতুর্য বিশ্বাস করছে না।


সরকার ভেন্টিলেশনে আছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চোখ থেকে ক্ষমতার রঙিন খোয়াবের চশমা খুলে তাদের পায়ের তলায় মাটি আছে কিনা, তা আগে দেখুন। বিএনপি তো সংবাদ মাধ্যমের কল্যাণেই বেঁচে আছে।


বিএনপি নেতাদের সম্মিলিত কোনও সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই এমন মন্তব্য করে কাদের বলেন, বিদেশ থেকে যে সিদ্ধান্ত ভেসে আসে, ঢাকায় বসে সংবাদ মাধ্যমে বিএনপি নেতারা তারই ফরমায়েশ কার্যকর করছেন। বিএনপির রাজনীতি হলো খুনিদের তোষণ, দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক অপশক্তিকে পোষণ এবং অসহায় জনগণকে শোষণ৷ তাদের রাজনীতি ইতিহাস বিকৃতি, মিথ্যাচার এবং অপপ্রচারের রাজনীতি। ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের অবিরাম মিথ্যাচার অর্থহীন অপপ্রচার ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি।


সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংকট সমাধানের সক্ষমতা দেখে বিএনপি ঈর্ষার আগুনে জ্বলে যাচ্ছে। অন্তর্দহন কমাতে তারা এসব অপপ্রচার চালাচ্ছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতায় বিএনপি নেতাকর্মীরা যে গণহতাশায় ভুগছেন, তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভ্যাকসিন নিয়ে ঢালাও সমালোচনা করছেন।


দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই এবং জনগণকে গুজবে কান না দিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিন গ্রহণে মানুষের অনেক আগ্রহের পাশাপাশি শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।


স্বাস্থ্যবিধির প্রতি চরম উপেক্ষা আত্মঘাতী বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, করোনা সংক্রমণ এখনও উচ্চমাত্রায় আছে। নিজের জীবনের সুরক্ষা নিজেরই নিশ্চিত করতে হবে। তা না হলে পরিস্থিতির অবনতি ঘটলে জনস্বার্থের সুরক্ষায় সরকার আবারও কঠোর বিধি-নিষেধ আরোপ করবে।

ads
ads
ads

Our Facebook Page

↑